চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ৫ শিশুর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরা নদীতে (পদ্মা নদীর শাখা) ডুবে মর্মান্তিকভাবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা সবাই চরচাকলা গ্রামের বাসিন্দা। তারা হলো—মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেজাম উদ্দীনের দুই মেয়ে সুমাইয়া (১০) ও সুরাইয়া (৮) এবং শরিফুলের মেয়ে শরিফা (৮)।
স্থানীয় বাসিন্দা ওমর আলী জানান, জুমার নামাজের পর শিশুরা একসঙ্গে নদীর পানিতে গোসল করতে বা খেলতে নামে। এ সময় তাদের মধ্যে একজন পানিতে ডুবে গেলে বাকিরা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সাঁতার না জানার কারণে একে একে পাঁচ শিশুই গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।
দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, সাঁতার না জানার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এদিকে এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে নিহত শিশুদের বাড়ি ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; শোকার্ত স্বজনদের সান্ত্বনা দিতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নৌ পুলিশ গ্রহণ করবে।
Comments