চাঁদপুরে ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর পরিবার পটিয়ায় উদ্ধার
চাঁদপুর শহরের 'এসকে শিল্পালয়'-এর স্বত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তাঁর পরিবারের তিন সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি বিশেষ দল তাঁদের উদ্ধার করে। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের চার সদস্যের 'নিখোঁজ' হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। তবে পুলিশের অনুসন্ধানে জানা যায়, তিনি মানুষের কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে ঋণ দিতেন। কিন্তু গ্রাহকরা টাকা ফেরত দিয়ে নিজেদের স্বর্ণ নিতে চাইলে তিনি বিভিন্ন টালবাহানা করতেন এবং শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান।
সাম্প্রতিক সময়ে রংপুরে একই পরিবারের চারজন খুনের ঘটনার পর চাঁদপুরে এই রহস্যজনক নিখোঁজের ঘটনায় পুলিশ প্রশাসনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর মডেল থানা-পুলিশ যৌথভাবে তৎপর হয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে।
এর আগে পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ আত্মসাৎ ও ফেরত না দেওয়ার অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক ব্যক্তি অভিযোগ করেন। তিনি শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলা নামের একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ দলের অভিযানে পটিয়া থেকে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে চাঁদপুরে আনা হচ্ছে। তাঁদের নিখোঁজ হওয়ার আসল রহস্য এবং স্বর্ণ বন্ধকসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
Comments