রংপুরে চার হত্যা: প্রকৃত আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশ প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় হিন্দু ও মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীও উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান নেতারা।
এর আগে রংপুরের এই হত্যাকাণ্ডের পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।
উল্লেখ্য, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার চাঞ্চল্যকর এই ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুই তরুণকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।
Comments