সবকিছু মিলিয়ে আমরা প্রচণ্ড সেনসিটিভ টাইম পার করছি: তথ্যমন্ত্রী
গত ১৭ বছরে গড়ে ওঠা বিভিন্ন ব্যবস্থা ও সামগ্রিক পরিস্থিতির কারণে সরকার বর্তমানে অত্যন্ত 'সেনসিটিভ টাইম' পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তবে গণমাধ্যম ও দেশের মানুষ সরকারের পাশে থাকলে সঠিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, 'এটা মাথায় রাখবেন যে, স্বাভাবিক কোনো সময়ে আমরা সরকারে আসিনি। ১৭ বছরের যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচণ্ড একটা সেনসিটিভ টাইম পার করছি। আপনারা (গণমাধ্যম) ও দেশের মানুষ সঙ্গে থাকলে ঠিকমতো এগিয়ে যাব।'
তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি সময়ে দায়িত্ব নিয়েছে, যখন আগের দীর্ঘ সময়ের বিভিন্ন ব্যবস্থা ও বাস্তবতার প্রভাব এখনো বিদ্যমান। ফলে পরিস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সংবেদনশীল।
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
Comments