স্থানীয় সরকার নির্বাচন ভালো করে করতে চায় ইসি: সিইসি
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আরও উন্নত ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনই ঘোষণা করা না হলেও, এর আইন ও বিধিবিধান সংশোধন বা ভেটিংয়ের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিইসি।
স্থানীয় সরকার নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতার আশঙ্কা বেশি থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা সাজাচ্ছে কমিশন।
জাতীয় নির্বাচন আয়োজনে নানা চ্যালেঞ্জ ও ঘাটতি মোকাবেলা করতে হলেও ইসি একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করতে পেরেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও ভালো করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
Comments