৬ মাস মূল্যায়নের জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
ছয় মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় না হলেও বিএনপি সরকার এই সময়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারের অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে দেশ আবারও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরে যাচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কার্যক্রমের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দিয়েছিল। কিন্তু ছয় মাসে তিনটি ক্ষেত্রেই সরকার 'নিদারুণভাবে ব্যর্থ' হয়েছে।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১৮০ দিনের জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেখানে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এনসিপির আহ্বায়ক বলেন, সরকার তাদের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং একটি ই-বুকও প্রকাশ করেছে। তবে সরকারের দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই ১৮০ দিনে বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
জ্বালানি সংকট, লোডশেডিং ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা এবং এসব সমস্যার দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানোরও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গুমের ঘটনা তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা এবং সাংবাদিকদের হয়রানিসহ বিভিন্ন কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে।
নাহিদ ইসলামের অভিযোগ, দেশে নানা সংকট তৈরি হলেও সরকার এর জন্য কার্যকর জবাবদিহি করছে না। বরং ব্যর্থতার পরও সরকার নিজেদের সফল হিসেবে তুলে ধরছে।
Comments