রংপুরের হত্যাকাণ্ড নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নেওয়ার আহ্বান
রংপুর নগরীর একটি বাসা থেকে স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (তারিখ) নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারটির এমন নৃশংস হত্যাকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক বলে উল্লেখ করেন জামায়াত আমির।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি করে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমানের ভাষ্য, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্র তুলে ধরছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।' একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। পাশাপাশি একের পর এক অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা যেন যথাযথ বিচার পান, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।
Comments