কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
কলকাতার একটি হোটেলে গত ১৯ আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায়। পরে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিন বিকেলে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে আসে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্যের মরদেহ। একই পথে ঢাকার আমিনবাজারের বাসিন্দা বাবু আহমেদের মরদেহও দেশে আনা হয়।
নিহতদের মরদেহ সংরক্ষণ থেকে শুরু করে পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় স্বজনদের প্রয়োজনীয় সহযোগিতা করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
এদিকে নিহত আরেক বাংলাদেশি সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকার করা হয়েছে। এ প্রক্রিয়াতেও বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
কলকাতার এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
Comments