গোপালগঞ্জে জাহান বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের বান্দিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পাচুঁড়িয়া ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় অংশগ্রহণকারীরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের লেখা ব্যানারও ফেস্টুন প্রদর্শন করে। এ মানববন্ধনে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাচুঁড়িয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহান বেগমের স্বামী মারা যাওয়ার পরে তার তিন মেয়ের বিয়ে দেয়। অসহায় মহিলা বাড়িতে একা থাকতেন। এলাকার মাদকাসক্ত কিছু লোক তার বাড়িতে ঢুকে মাদক সেবন করে। জাহান বেগম তার বাড়িতে তাদের মাদক সেবনে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা, মাদকের টাকা জোগাড় করতে গত ১১ জুলাই রাতে সিঁধ কেটে তার ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগষ্ট বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসীর দাবি করেন এলাকাবাসী।
Comments