ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও রিকশা গ্যারেজ মালিক জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল পৌনে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বুলবুলের রিকশা গ্যারেজে লুটপাটের ঘটনায় তিনি বন্দর থানায় মামলা করেছিলেন। ওই মামলায় সিফাতকে প্রধান আসামি করা হয়। মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় বুলবুলকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি পরিবারের।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের দেখা হয়। তারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বুলবুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত সিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর থানার ওসি জামাল হোসেন জানান, ঘটনার পর রাতেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
Comments