ব্রিজ থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ঝালকাঠির রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. নুর হোসেন আকন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাটসংলগ্ন বেদুরিয়া খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর হোসেন ওই এলাকার মৃত আব্দুল হানিফ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাতে নুর হোসেন বেদুরিয়া ব্রিজের ওপর বসে ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ তিনি ব্রিজ থেকে বেদুরিয়া খালে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজাপুর ফায়ার সার্ভিস ও বরিশাল নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা ধরে তল্লাশির পর সকাল পৌনে ১০টার দিকে খাল থেকে নুর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সনাজ মিয়া বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। কয়েক ঘণ্টার অভিযানে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments