রাজাপুরে ব্রিজ থেকে পড়ে যুবক নিখোঁজ
ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া খালের ওপর ব্রিজ থেকে পড়ে নুর হোসেন আকন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাটসংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে। নিখোঁজ নুর হোসেন পুটিয়াখালী মীরের হাট এলাকার মৃত আব্দুল হানিফ আকনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে নুর হোসেন ব্রিজের ওপর একা বসে ছিলেন। একপর্যায়ে হঠাৎ তিনি ব্রিজ থেকে খালের পানিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয় লোকজন খালে নেমে নুর হোসেনকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরি নামিয়ে খালে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
রাজাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, রাতে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে ডুবুরি দিয়ে খালে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments