বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯০ লাখ টাকার ৩ টি সোনার বারসহ আটক ১
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি সোনার বার বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার ১৯ আগস্ট খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এই তথ্য নিশ্চিত করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৮ আগস্ট পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মো. সুজন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সুজন হোসেনের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামে। তার পিতা মো. রফিকুল ইসলাম।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি সোনার বার, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার বারের আনুমানিক দাম ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া মোটরসাইকেলের দাম ২ লাখ ৭১ হাজার টাকা এবং মোবাইল ফোনের দাম ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট দাম ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা সোনার বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার এবং আটক ব্যক্তি, মোটরসাইকেল ও মোবাইল ফোন বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, "দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।"
Comments