উদ্বোধনের পরদিনই ফাঁকা মহিলা বাস
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে 'মহিলা বাস সার্ভিস' চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে উদ্বোধনের পরদিনই বাসে যাত্রী নেই, ফাঁকা মহিলা বাস।
রাজধানীর সড়কে চলাচলকারী মহিলা বাস সার্ভিসে অধিকাংশ আসন ফাঁকা। তবে এর উল্টো চিত্র দেখা গেছে সাধারণ গণপরিবহনে। মহিলা বাসে যাত্রী না থাকলেও সাধারণ গণপরিবহণে গন্তব্যমুখী নারীদের সাধারণ গণপরিবহনের গেটে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টার পর পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করতে দেখা যায় মিরপুর ১০ নম্বর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি মহিলা বাস সার্ভিস। এসময় বাইরে থেকে ওই বাসটির দোতলায় কোনো যাত্রী না থাকায় সম্পূর্ণ আসন ফাঁকা থাকতে দেখা গেছে। তবে বাসটির নিচতলায় ৪-৫ জন মহিলা যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। এছাড়া সব আসন ফাঁকা নিয়েি গাড়ি চলাচল করতে দেখা গেছে।
এদিকে, বাস পয়েন্টগুলোতে মহিলা যাত্রীর দেখা মিললেও তাদের জন্য বিশেষ এই বাসে ওঠার আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফলে প্রতিদিনের মতো রাজধানীর লোকাল বাসগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি পুরুষ মহিলা উভয় যাত্রীদের নিয়ে চলাচলকারী বিআরটিসি বাসের গেটে নারী যাত্রীদের ঝুলে চলাচল করতে দেখা যায়।
এদিকে সকাল সাড়ে ৯টার পর পর রাজধানীর ফার্মগেটে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও এই সময়ের মধ্যে এই এলাকায় কোনো মহিলা বাস সার্ভিস চলাচলের চিত্র দেখা মেলেনি।
এক মহিলা যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে আছি কিন্তু এই সময়ের মধ্যে গাড়ির দেখা পায়নি। তবে এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পেয়ে যায় তাহলে অবশ্যই উঠবো।
তিনি বলেন, সরকার কেবল এটা বাস্তবায়ন শুরু করেছে। আস্তে আস্তে অবশ্যই বাসের সংখা বাড়ানো হবে। এই অল্পসংখ্যক বাস হওয়ায় অফিস সময়ে এই বাসের অপেক্ষায় থাকাটা ঠিক হবে না। কখন একটা গাড়ি আসবে সেটাওতো নিশ্চিতভাবে বলা যায় না। সরকারের উচিত বাসের সংখ্যা বৃদ্ধি করা।
এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ৯টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী।
প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় মোট চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার ৯টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাস থামবে মোট ১১৪টি স্টপেজ।
Comments