যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় নির্ধারিত ৬০ দিনের সময়সীমার এখন আর কোনো কার্যকারিতা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার (১৭ আগস্ট) এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা ব্যাপকভাবে লঙ্ঘন করেছে।
বাঘেই বলেন, ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে সরাসরি '৬০ দিনের সময়সীমা' নামে কোনো শর্ত নেই। ইরান কোনো চাপ, হুমকি বা নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে তার নীতি নির্ধারণ করে না।
তবে তিনি জানান, সমঝোতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়কাল নির্ধারণের কথা ছিল। ওই সময়ের মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে প্রয়োজনে সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল।
বাঘেইর অভিযোগ, যুক্তরাষ্ট্র সমঝোতার 'ব্যাপক ও গুরুতর' লঙ্ঘন করায় নির্ধারিত আলোচনা আর শুরুই হয়নি। ফলে ৬০ দিনের সময়সীমার বিষয়টি এখন পুরোপুরি গুরুত্বহীন হয়ে পড়েছে।
এদিকে ১৭ আগস্ট ওই ৬০ দিনের সময়সীমা শেষ হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আলোচনাও অচলাবস্থায় রয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
Comments