শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে নতুন মামলায় ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা নতুন একটি মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আগামী ২৪ আগস্ট এই তিনজনকে ট্রাইব্যুনাল-২-এ হাজির করতে বলা হয়েছে।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বর্তমানে মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার রয়েছেন। অন্য একটি মামলায় গ্রেপ্তার আছেন শ্যামল দত্ত।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় এই তিন সাংবাদিক উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নতুন মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানির জন্যই ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments