বিএনপির রাজনীতির লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা
বিএনপির রাজনীতির লক্ষ্য হচ্ছে এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখতে দেশবাসীকে আহ্বান জানান।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি, মৎস্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি খাতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন বলে জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১১টায় 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাছের পোনা বিতরণ কার্যক্রমে অংশ নেন।
জনসভায় তারেক রহমান বলেন, নদীতে আজ যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, সেগুলো বড় হবে, ডিম দেবে এবং বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়বে। এর সুফল বাংলাদেশের মানুষই পাবে।
মৎস্যসম্পদের উন্নয়নের এই উদ্যোগকে বৃহত্তর কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির রাজনীতির বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষ ও গ্রামের মানুষ উপকৃত হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথা বলেছিল। সরকার গঠনের পর সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে। এর ফলে কৃষকরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি বিভিন্ন এলাকার মানুষ পানির সুবিধা পাবেন। খনন করা খালের পানির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ধীরে ধীরে দেশের বড় বড় নদী ও খালগুলোতে মাছের চাষ গড়ে তোলা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।
Comments