ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল টাইগাররা।
ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিওকলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দৃঢ় মানসিকতা, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার কারণেই এমন অসাধারণ সাফল্য এসেছে।
এ সময় বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরবর্তী টেস্টেও দল ভালো পারফর্ম করবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
Comments