লাদাখে রোমান্সে দেব-শুভশ্রী, ভাইরাল নতুন পোস্টার
একসময় বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। দীর্ঘ বিরতির পর তাদের জুটি দেখা যাবে নতুন সিনেমা 'দেশু ৭'-এ। দুর্গাপূজাকে সামনে রেখে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। জুনে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সামনে এসেছে নতুন পোস্টার। সেখানে লাদাখের পাহাড়ি ও রুক্ষ প্রাকৃতিক দৃশ্যের মাঝে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে দেব ও শুভশ্রীকে।
পোস্টারে বাইকে থাকা দেবের কোলে বসে থাকতে দেখা যায় শুভশ্রীকে। দেবও তাকে জড়িয়ে ধরে রেখেছেন। পোস্টারের সঙ্গে থাকা ক্যাপশনেও ফুটে উঠেছে প্রেমের আবহ 'যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।'
নির্মাতাদের দাবি, 'দেশু ৭' হবে রোমান্স, অ্যাকশন ও উত্তেজনায় ভরা একটি সিনেমা। লাদাখে শুটিংয়ের সময় ধারণ করা বিশেষ দৃশ্যের একটি অংশই জায়গা পেয়েছে নতুন পোস্টারে।
এর আগে 'পরাণ যায় জ্বলিয়া', 'রোমিও' ও 'চ্যালেঞ্জ'-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী। দীর্ঘ সময় পর নতুন সিনেমার মাধ্যমে ফের এই জনপ্রিয় জুটিকে পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
'দেশু ৭'-এর মাধ্যমে পরিচালনায়ও অভিষেক হতে যাচ্ছে দেবের। সিনেমাটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে এসএসআর সিনেমাস।
চলতি বছরের দুর্গাপূজায়, ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে 'দেশু ৭'-এর।
Comments