২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করলো আন্তঃশিক্ষা বোর্ড
শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা সরকারের নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হবে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা। এসব পরীক্ষার ফল ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।
টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসির চূড়ান্ত প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে। যদিও আগের বছরগুলোর তুলনায় এ সময় কিছুটা কম। সাধারণত নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আড়াই থেকে তিন মাস সময় পাওয়া যেত।
এদিকে দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এরই মধ্যে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি নির্বাচনী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর পাশাপাশি বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের কয়েকটি প্রতিষ্ঠানও এমন পরিকল্পনা করছে।
তবে বেশির ভাগ প্রতিষ্ঠান সরকারি শিক্ষাপঞ্জি অনুসরণ করে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার আগে দুই মাসেরও কম সময় পেতে পারে।
এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, নির্বাচনী পরীক্ষার পর প্রস্তুতির সময় কমে গেলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে পরীক্ষার ফলাফলও নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, সময়মতো পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে শিক্ষকরা বলছেন, সব প্রতিষ্ঠানের পক্ষে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে রাজধানীর বাইরে অনেক প্রতিষ্ঠানে সময় স্বল্পতার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি দেখা দিতে পারে।
দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারির পর সেই ধারাবাহিকতা আর বজায় রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালে এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বিভিন্ন কারণে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কয়েক মাস করে সময় হারিয়ে যাচ্ছে। এর ফলে বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরাও সেশনজটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
শিক্ষাবর্ষের কার্যক্রমকে আবারও নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে ধাপে ধাপে পরীক্ষার সূচিতেও স্বাভাবিকতা ফিরিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির শুরুতে আয়োজন সেই প্রক্রিয়ারই একটি অংশ।
নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময় অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি।
Comments