দীর্ঘ বিরতির পর দেশভাগের গল্পে ফিরলেন প্রীতি জিনতা
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে। প্রায় আট বছর পর তিনি অভিনয়ে ফিরেছেন রাজকুমার সন্তোষী পরিচালিত 'বাটওয়ারা ১৯৪৭' সিনেমার মাধ্যমে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সানি দেওল।
সিনেমাটি মুক্তির আগে ভক্তদের জন্য নিজের চরিত্র 'হামিদা'র প্রথম লুকের স্মৃতি শেয়ার করেন প্রীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি সাদাকালো ছবিতে তাকে দেখা যায় সাধারণ ফুলের নকশার শাড়ি, মাথায় আঁচল, খোলা চুল এবং হাতে চুড়ি পরা এক সাদামাটা অথচ আকর্ষণীয় রূপে।
ছবির ক্যাপশনে প্রীতি জানান, 'বাটওয়ারা ১৯৪৭' মুক্তির প্রাক্কালে তিনি সেই মুহূর্তে ফিরে যেতে চেয়েছেন, যেখান থেকে হামিদা চরিত্রের যাত্রা শুরু হয়েছিল। লুক টেস্টের সময়ই তিনি প্রথমবার চরিত্রটির আবহ অনুভব করেছিলেন বলে উল্লেখ করেন।
চরিত্রটির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সুফি কবি রুমির একটি উক্তিও তুলে ধরেন। প্রীতির ভাষায়, চারপাশে অন্ধকার মনে হলেও মানুষের ভেতরেই আলো লুকিয়ে থাকতে পারে—হামিদা চরিত্রটি যেন সেই ভাবনাকেই ধারণ করে।
১৪ আগস্ট মুক্তি পাওয়া 'বাটওয়ারা ১৯৪৭' সিনেমার মধ্য দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটেছে প্রীতির। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'ভাইজাই সুপারহিট' সিনেমায়ও সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
আসগর ওয়াজাহাতের বিখ্যাত নাটক 'জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্যা ই নাই' অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ১৯৪৭ সালের দেশভাগ ও পাঞ্জাব বিভক্তির পটভূমিতে নির্মিত এই সিনেমায় রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সাধারণ মানুষের জীবনের নানা মানবিক গল্প তুলে ধরা হয়েছে।
প্রীতি জিনতা ও সানি দেওল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল, কানিকা কাপুর, খুশি হাজারে ও অভিমন্যু সিং। ছবিটির প্রযোজক আমির খান।
Comments