নিউরোসায়েন্সেসে ৫০০ নতুন শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট ) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। ১৫ তলা ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস কার্যক্রমের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভবনের ওপরের ১২ তলায় রোগীদের চিকিৎসার জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও বিভিন্ন ডায়াগনস্টিক ইউনিট রয়েছে। নতুন অবকাঠামোয় ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিনের ব্যবস্থা করা হয়েছে।
দেশে নিউরোলজি ও নিউরোসার্জারি রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দীর্ঘদিন পর হাসপাতালটির সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই ভবন চালু হলো। খালেদা জিয়ার জন্মদিনে তার ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করেন।
Comments