বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক
বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শককে (ইন্সপেক্টর) সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ পরিদর্শকদের সিংহভাগই আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা সকল অবসরজনিত সুবিধাদি লাভ করবেন।
বরখাস্তকৃতদের এই তালিকায় রয়েছে বহুল আলোচিত পুলিশ পরিদর্শক বি এম ফরমান আলীর নাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়ি হওয়ায় এবং সেই পরিচয়কে কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগ আমলে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন। এমনকি কর্মজীবনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তোয়াক্কা করতেন না বলে অভিযোগ রয়েছে।
Comments