এয়ার ইন্ডিয়ার সব পাইলটের ডোপ টেস্টের সিদ্ধান্ত
নিরাপত্তা ও পেশাদারিত্বের মান আরও জোরদার করতে সব পাইলটের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকেই এ পরীক্ষা শুরু হবে এবং সব পাইলটের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।
কর্মীদের কাছে পাঠানো এয়ার ইন্ডিয়ার এক আনুষ্ঠানিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিদ্যমান নিয়ন্ত্রক বিধি মেনে চলার পাশাপাশি অনুমোদনহীন কোনো পদার্থ বা ওষুধ ব্যবহারের বিষয়টি যাচাই করতে সব গ্রুপ পাইলটের পূর্ণাঙ্গ স্ক্রিনিং করা হবে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গুরুগ্রামের একাডেমিতে প্রশিক্ষণের সময়ের পাশাপাশি ফ্লাইট ব্রিফিং সেন্টার ও অফিসগুলোতেও ফ্লাইট-পরবর্তী সময়ে ডোপ টেস্ট করা হবে। আইনগত বা প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতার বাইরে গিয়ে নিরাপত্তা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে এয়ারলাইনটি।
গত সপ্তাহে ফুকেট-দিল্লি রুটের একটি ফ্লাইটে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ফ্লাইটের প্রধান পাইলট সুদীপ ভাসিস্তা পরপর দুটি ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। পরীক্ষায় তার শরীরে মারিজুয়ানা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট। ১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ ফ্লাইটটি। ওড়িশার আকাশসীমায় বিমানটি হঠাৎ তীব্র ঝাঁকুনির শিকার হয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। ওই সময় প্রধান পাইলট নিজের আসনে ছিলেন না; কো-পাইলট দায়িত্বে ছিলেন।
বিমানটি দ্রুত নিচে নেমে যাওয়ার সময় কেবিনে সাময়িকভাবে 'নেগেটিভ গ্র্যাভিটি' তৈরি হয়। এতে ককপিটের বিভিন্ন জিনিসপত্র এবং সিটবেল্ট না বাঁধা যাত্রীরা ছিটকে ওঠেন। এ ঘটনায় ২০ যাত্রী ও চার ক্রু আহত হন।
দিল্লিতে অবতরণের পর প্রধান পাইলটের ডোপ টেস্ট করা হয়। দুটি পরীক্ষাতেই তিনি ব্যর্থ হন। তবে মাদক সেবনের অভিযোগ অস্বীকার করে তিনি ঘুমের জন্য ওষুধ সেবনের কথা স্বীকার করেছেন।
এ ছাড়া দুর্ঘটনার সময় যাত্রীদের ভিডিও না করার নির্দেশ দেওয়াসহ পাইলটের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ উঠেছে। দিল্লিতে অবতরণের পর তাকে শারীরিকভাবে সহায়তা করতে হয়েছিল বলেও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনাটি তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ও ফ্রান্সের সংশ্লিষ্ট বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা। এয়ারবাসের বিশেষজ্ঞরাও তদন্তে যুক্ত রয়েছেন। তদন্ত চলাকালে প্রধান পাইলট ও কো-পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Comments