লাল সবুজের পতাকা হাতে ১৪২তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নিলেন জার্মানি প্রবাসী শিব শংকর
জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণে প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার সীমান্তে মনোরম আলগয়ে শহরে পাহাড় আর পর্বতসমৃদ্ধ ১৯তম আন্তর্জাতিক প্যানারোমা দূরপাল্লার ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকায় অংশ নিলেন দৌড়বিদ শিব শংকর পাল। এটি ছিল তার ব্যক্তিগত ১৪২তম আন্তর্জাতিক ম্যারাথন।
রোববার ৯ আগস্ট জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তবর্তী সমতল ও আল্পস পর্বতমালার সমন্বয়ে ৪২ দশমিক ৩ কি:মি: এর বিখ্যাত ম্যারাথনটি আলগয় শহরের প্রাণকেন্দ্র জনথফেন এর ইমেন্সস্ট্যাডার সড়ক থেকে শুরু হয়ে হুইটেরবার্গ, ওয়ার্ল্ডকাপহুইটে, ব্যার্গহাউস সোয়াবেন, ফ্রাইবুর্গার আলপে, লকবাখটাল, বলস্টারলাঙ্গ চৌরাস্তাসহ আকর্ষনীয় ও মনোমুগ্ধকর বেশ কয়েকটি পর্বতের পয়েন্ট অতিক্রম করে শহরের প্রধানকেন্দ্র স্টাডিওনভেগে এসে শেষ হয়।
দৌড়বিদদের সাধারণত পাহাড়ি উচু- নিচু ট্র্যাক পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়। সমতলে দৌড়ানোর চাইতে পর্বতে দৌড়ানো বরাবরের মতই কষ্টের। কিন্তু দেশের লাল-সবুজের পতাকা হাতে অভিজ্ঞ শিব শংকর পাল ছিলেন বরাবরের মতন অবিচল এবং আত্মবিশ্বাসী ।
উঁচু নিচু পথে দম ফেলতে কষ্ট হলেও দেশের পতাকা হাতে নিয়েই তিনি ফিনিশিং লাইন শেষ করেন।
আলগয়ের এই ম্যারাথন সব সময়ই শিব শংকরের জন্য সৌভাগ্যের। এই ম্যারাথনেই তিনি বেশ কয়েকবার অংশ নিয়ে সাফল্যের সাথে দৌড় শেষ করেন।
১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিব শংকর পাল। এসময় তাঁর স্ত্রী শিখা শংকর পাল, সন্তান মাক্সি, দিব্য ও ত্রয়ীসহ তার স্বজন ও প্রবাসীরা তাকে ব্যাপক উৎসাহ যোগান।
ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, আমি জার্মানিতে বসবাস করলেও অন্তরে সবসময়ের মতই বাংলাদেশকে নিয়ে চলি। দেশটা আমার তাই গর্বের সাথে যেকোন আন্তর্জাতিক পরিমন্ডলে লাল সবুজের পতাকাকে বিদেশের সবার কাছে তুলে ধরতেই আমার আনন্দ। মনে রাখতে হবে দেশটা আমাদের সবার। আন্তর্জাতিক ম্যারাথনের মাধ্যমে বাংলাদেশকে সবাই ইতিবাচক দেশ হিসেবে জানুক। আর এই দেশের কল্যাণেই আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করতে হবে। যেটা আমি গর্বের সাথেই করে যাচ্ছি। সামনে ১৫০ তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইল ফলক অর্জনে তাই সবার শুভকামনা প্রত্যাশী।
Comments