‘আন্ধার’-এ চঞ্চল চৌধুরীর ফাস্ট লুক প্রকাশ
রায়হান রাফীর নতুন সিনেমা 'আন্ধার' নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে চরিত্রগুলোর একের পর এক লুক প্রকাশের মধ্য দিয়ে। নাজিফা তুষি ও রেহানের পর এবার সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি ফ্রেম প্রকাশ করেন রায়হান রাফী। ছবিতে চঞ্চল চৌধুরীকে দেখা গেছে বেশ ভিন্নধর্মী অবতারে। সিনেমায় তাঁর চরিত্রের নাম 'শমসের'।
চঞ্চলের লুক প্রকাশের পাশাপাশি তাঁর অভিনয় প্রতিভার প্রশংসাও করেছেন রায়হান রাফী। নির্মাতা জানান, এর আগে অভিনেতার সঙ্গে দুবার কাজ করলেও সেসব চরিত্র ছিল ক্যামিও ধরনের। ফলে চঞ্চল চৌধুরীর অভিনয়ক্ষমতার পূর্ণ ব্যাপ্তি তুলে ধরার সুযোগ তখন হয়নি।
রাফীর ভাষ্য মতে, বাংলাদেশের সিনেমায় এখন পর্যন্ত চঞ্চল চৌধুরীর পূর্ণ অভিনয় প্রতিভা পর্দায় কতটা তুলে ধরা সম্ভব হয়েছে, তা নিয়ে তাঁর নিজেরই আক্ষেপ রয়েছে। কারণ অভিনেতার প্রতিভার ব্যাপ্তি এতটাই বড় যে সেটিকে পুরোপুরি ধারণ করা নির্মাতাদের জন্যই বড় চ্যালেঞ্জ।
'আন্ধার'-এ সেই জায়গাটিই কিছুটা পূরণ করার চেষ্টা করেছেন বলে জানান রাফী। তাঁর মতে, চঞ্চল চৌধুরীকে কতটা শক্তিশালী অভিনেতা হিসেবে দর্শকদের সামনে তুলে ধরা যায়, সেটিই ছিল এই চরিত্র নির্মাণের অন্যতম লক্ষ্য।
নির্মাতা আরও জানান, 'শমসের' চরিত্রটির জন্য চঞ্চল চৌধুরীকেই উপযুক্ত মনে করেছে পুরো টিম। তাঁদের বিশ্বাস, তাঁর জায়গায় অন্য কোনো অভিনেতাকে নিলে চরিত্রটির কাঙ্ক্ষিত গভীরতা ও বৈচিত্র্য ফুটিয়ে তোলা কঠিন হতো।
'আন্ধার' নির্মিত হচ্ছে অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর একটি ভৌতিক গল্প অবলম্বনে। সিনেমাটি প্রযোজনা করছে '২২১ বি'।
চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতীসহ আরও অনেকে।
Comments