পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে রদবদল
বাংলাদেশ পুলিশে কর্মরত উপমহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ২৩ জন কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করেছে সরকার। আজ বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে যেসব পরিবর্তন আনা হয়েছে: ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএন এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় বদলি করা হয়েছে।
এছাড়াও হাইওয়ে পুলিশ, পিবিআই, র্যাব এবং এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার বাকি কর্মকর্তাদেরও পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
Comments