মেটার নতুন এআই মডেলে পাবেন যেসব সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে আরও সহজে ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহারের সুযোগ তৈরি করতে নতুন মডেল উন্মোচন করেছে মেটা। 'মিউজ গ্লিমার' নামের এই মডেলটি বিশেষভাবে লোকাল এআই এজেন্ট ও বিভিন্ন স্বয়ংক্রিয় কাজ পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, নতুন মডেলটিতে রয়েছে প্রায় ৩০ মিলিয়ন প্যারামিটার। ব্যবহারকারীরা কনজ্যুমার জিপিইউযুক্ত ম্যাক বা অন্যান্য কম্পিউটারেও এটি চালাতে পারবেন। তবে পূর্ণ নির্ভুলতায় মডেলটি পরিচালনার জন্য ৫৫ গিগাবাইটের বেশি মেমোরি প্রয়োজন হতে পারে।
মিউজ গ্লিমারের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একাধিক ধাপের যুক্তিনির্ভর কাজ সম্পন্ন করতে পারে। পাশাপাশি এআই এজেন্ট পরিচালনা, বিভিন্ন ফাংশন কল করা, স্থানীয়ভাবে কোডিং এবং একাধিক ধরনের ইনপুট বিশ্লেষণের মতো কাজেও মডেলটি ব্যবহার করা যাবে।
মডেলটির ওয়েট উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশ করেছে মেটা। ফলে আগ্রহী ডেভেলপার ও গবেষকেরা এটি নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার ও পরীক্ষা করার সুযোগ পাবেন। হাগিং ফেস থেকে মডেলটির ওয়েট ডাউনলোড করা যাবে।
এ ছাড়া ভবিষ্যতে অলামা (Ollama), এলএম স্টুডিও (LM Studio) এবং আনস্লথের (Unsloth) মতো প্ল্যাটফর্মেও মিউজ গ্লিমারের সমর্থন পাওয়ার কথা জানিয়েছে মেটা।
প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, স্থানীয় এআই এজেন্ট, ফাংশন কলিং এবং 'এলএলএম-অ্যাজ-এ-জাজ' ধরনের মূল্যায়নে মিউজ গ্লিমার ভালো পারফরম্যান্স দেখিয়েছে। একই সঙ্গে স্থানীয়ভাবে কোডিং ও স্বয়ংক্রিয় বিভিন্ন কাজেও এটি কার্যকর হতে পারে।
বর্তমানে অনেক এআই সেবা ব্যবহারের জন্য ক্লাউড সার্ভার ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। মেটার নতুন মডেলটি সেই নির্ভরতা কমানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে। ফলে ইন্টারনেট সংযোগ সীমিত থাকা অবস্থায় কিংবা সম্পূর্ণ অফলাইন পরিবেশেও সামঞ্জস্যপূর্ণ ডিভাইসে স্থানীয়ভাবে এআই ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
বিশেষ করে ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে মিউজ গ্লিমার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে মেটা।
Comments