ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সেই কর্মকর্তাই বরখাস্ত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করার একদিনের মাথায় ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত সোমবার তিনি দুদকে অভিযোগ দায়ের করেছিলেন।
গত সোমবার দুদকে অভিযোগ করার পরদিন মঙ্গলবারই ব্যাংক কর্তৃপক্ষ মোহাম্মদ ইয়াসিন আলীকে বরখাস্ত করে। বরখাস্ত হওয়া মোহাম্মদ ইয়াসিন আলী ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী সরাসরি দুদকে অভিযোগ করার কোনো এখতিয়ার নেই। ব্যাংক কোনো আইনি পদক্ষেপ বা মামলা নিতে চাইলে তা আদালতের মাধ্যমেই করে থাকে।
শরিয়াহভিত্তিক ব্যাংকটির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা না করেই ইয়াসিন আলী দুদকে অভিযোগ করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Comments