কয়েক ঘণ্টা পর বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব
মহাকাশের এক অপূর্ব ও বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসায় আর মাত্র কয়েক ঘণ্টা পরই ঘটতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন দৃশ্য দেখা গিয়েছিল। দুই বছর পর আবারও এই মহাজাগতিক দৃশ্যের দেখা মিলতে চলেছে।
রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হতে মুখিয়ে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। বিশেষ করে ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে।
স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগাল থেকে সবচেয়ে ভালো দেখা যাবে এই সূর্যগ্রহণ। উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।
গ্রহণের সময় নির্দিষ্ট কিছু অঞ্চলের দিনেও ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে, যা দেখতে মুখিয়ে আছেন দেশ-বিদেশের জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও পর্যটকরা।
Comments