সংসদের তৃতীয় অধিবেশন ডাকলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট বিকেল ৩ টায় রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশন কত দিন চলবে এবং এর কার্যসূচি কী হবে, তা নির্ধারণ করা হবে।
এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
Comments