রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিতে আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা, প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে ক্ষমতাসীন বিএনপিও তাদের প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তবে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।
দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনে একাধিক প্রার্থী থাকার সম্ভাবনা তৈরি হওয়ায় ১৯৯১ সালের পর এটি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। সংসদ সদস্যের ভোটে পরোক্ষভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments