ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান এখন ঢাকায়
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র বা RAW) প্রধান পরাগ জৈন।
সরকারি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এই সফর নিয়ে এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
পরাগ জৈন 'র'-এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। ঢাকা সফরে তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সরকারি সূত্রটি নিশ্চিত করেছে যে, এই সফরে প্রতিনিধিদলটি ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সফরের ঠিক পূর্বে চীন সফর করে এসেছেন ভারতীয় গোয়েন্দা প্রধান পরাগ জৈন। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments