মন্ত্রীদের ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা বেতন চান প্রতিমন্ত্রী নুর
জনপ্রতিনিধিদের কার্যকরভাবে দায়িত্ব পালন এবং অনৈতিক প্রলোভন এড়ানোর স্বার্থে তাদের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি মন্ত্রীদের মাসিক বেতন ন্যূনতম ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন ৫ লাখ টাকা নির্ধারণের পাশাপাশি তাদের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্যদের নিয়মিত নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত করতে হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক অঞ্চলের সড়ক যোগাযোগ এখনো ভালো নয়, তাই তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি গাড়ি দেওয়া উচিত। তিনি প্রস্তাব করেন যে, এমপিরা মেয়াদের জন্য সরকারের একটি গাড়ি ব্যবহার করবেন এবং মেয়াদ শেষে তা পরিবহন পুলে ফেরত দেবেন। সচিবসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মতো তাদেরও এই সুবিধা পাওয়া উচিত।
বর্তমান বেতন-ভাতার অপ্রতুলতা তুলে ধরে নুর বলেন, বর্তমানে একজন সংসদ সদস্যের মূল বেতন প্রায় ৫৫ হাজার টাকা এবং ভাতা মিলিয়ে মোট পান প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে মন্ত্রীদের মূল বেতন প্রায় ১ লাখ ৫ হাজার এবং প্রতিমন্ত্রীর ৯২ হাজার টাকা। কিন্তু এলাকায় গেলে চিকিৎসাসেবা, বিয়ে বা খেলাধুলার অনুদানসহ নানা সামাজিক চাহিদার চাপ থাকে, যা এই বেতনে মেটানো অসম্ভব। ব্যক্তিগত বিপুল সম্পত্তি না থাকলে জনপ্রতিনিধিদের পক্ষে এই সামাজিক প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে দাঁড়ায়, যার ফলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন তৈরি হতে পারে।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্মানজনক ও পর্যাপ্ত বেতন-ভাতা নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে যায়।
সরকারি চাকরিজীবীদের জীবনমানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের বর্তমান বাজারে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্যও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো প্রয়োজন, অন্যথায় তারাও অনৈতিক উপায়ে জড়িয়ে পড়তে বাধ্য হন।
বর্তমান সরকারের প্রশংসা করে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থেকে দেশের রাষ্ট্রব্যবস্থা খুব কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করার সুযোগ পেয়েছেন। দেশে ফিরে ৩০০ ফিটের মাঠে লাখ লাখ জনতার সামনে তিনি 'আই হ্যাভ অ্যা প্ল্যান' বা পরিকল্পনা থাকার কথা বলেছিলেন, যার বহু বাস্তবায়ন এখন দেশবাসী দেখতে পাচ্ছে।
Comments