গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমকে কোনো ধরনের নিয়ন্ত্রণ না করে কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই ধরনের অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হলে গণমাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং সাংবাদিকদের জন্য উন্নত বেতন-কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত 'টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অতীতের মতো বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো ধরনের অযাচিত নিয়ন্ত্রণ নেই। বরং সরকার মনে করে, একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের জন্য স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি নিয়ন্ত্রণ নিয়ে যে শঙ্কা বা উদ্বেগ কাজ করত, বর্তমান বাস্তবতায় সেই পরিস্থিতির অবসান ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।
সাংবাদিকতাকে রাষ্ট্র ও সমাজের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পেশার মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে কেবল সরকারের এক পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়; এর জন্য গণমাধ্যমের মালিক, সাংবাদিক সমাজ, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, এখনকার সবচেয়ে বড় লড়াইটি হচ্ছে সঠিক তথ্য এবং অপতথ্যের মধ্যে। তাই বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করাও সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
Comments