গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর পাঁয়তারা করা হলে বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে করা বিভিন্ন মৌলিক প্রতিশ্রুতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ার পর, সচিবালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার অতীতে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে উল্টো গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কোনো প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
তিনি আরও দাবি করেন, একটি নির্দিষ্ট সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করেই মূলত কৃত্রিম গ্যাস সংকট তৈরি করা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সরকার এখন দাম বাড়ানোর চক্রান্ত করছে, যা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
বক্তব্যে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, সরকারের পক্ষ থেকে গণভোটে দেওয়া প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ কার্যকরের যে অঙ্গীকার করা হয়েছিল, তাও ঝুলিয়ে রাখা হয়েছে।
দেশে কর্মসংস্থান না বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে আগের চেয়ে বেশি চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষ আজ বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস জবরদখল করার চেষ্টার তীব্র নিন্দা জানান তিনি।
সরকারকে হুশিয়ার করে নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় জানান, প্রয়োজন দেখা দিলে শুধু সচিবালয় নয়, আগামী দিনে সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সরকারের প্রতি অবিলম্বে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই বিরোধীদলীয় হুইপ।
Comments