হাতে লেখা চিঠির প্রেমে জেনজিরা, সাজাচ্ছে নতুন পৃথিবী
স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ ও জিমেইলের যুগে কাগজের চিঠি যেন হারিয়ে যেতে বসেছিল। কিন্তু সেই ধারণাই বদলে দিচ্ছে নতুন প্রজন্ম। জেন জির অনেক তরুণ-তরুণী আবার হাতে লেখা চিঠি পেতে টাকাও খরচ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে 'স্নেইল মেইল' ক্লাব।
স্নেইল মেইল' বলতে সাধারণ ডাকযোগে পাঠানো কাগজের চিঠিকে বোঝায়। আগে ধীরগতির ডাকসেবাকে মজা করে এ নাম দেওয়া হলেও এখন এটি নতুন এক লাইফস্টাইল ট্রেন্ডে পরিণত হয়েছে।
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠছে নানা স্নেইল মেইল ক্লাব। এসব ক্লাবের সদস্যরা মাসিক নির্দিষ্ট ফি দিয়ে হাতে লেখা ও সুন্দরভাবে সাজানো চিঠি পান। চিঠির সঙ্গে থাকে রঙিন স্টিকার, পোস্টকার্ড, বুকমার্ক, ওয়াশি টেপ, শুকনো ফুল, ফ্রিজ ম্যাগনেট কিংবা ছোটখাটো স্মারক।
ইনস্টাগ্রাম ও পিন্টারেস্ট এ 'স্নেইল মেইল' লিখে খুঁজলেই দেখা যায় নান্দনিকভাবে সাজানো খাম, ক্যালিগ্রাফিতে লেখা চিঠি ও বিভিন্ন কারুশিল্পের ছবি। অনেকের কাছে এগুলো শুধু চিঠি নয় সৃজনশীলতা ও নান্দনিকতা।
বিশেষজ্ঞদের মতে, সারাদিন স্ক্রিনে চোখ রেখে কাজ করা, এআই নির্ভর কনটেন্টের আধিক্য ও ডিজিটাল ক্লান্তির কারণে অনেক তরুণ এখন বাস্তব ও স্পর্শযোগ্য অভিজ্ঞতার দিকে ঝুঁকছেন। হাতে লেখা একটি চিঠি তাই তাদের কাছে ব্যক্তিগত অনুভূতি ও আন্তরিকতার প্রতীক হয়ে উঠছে।
সাধারণত মাসে ৩০০-৫০০ রুপি দিয়ে ক্লাবটির সদস্য হওয়া যায়। প্রতি মাসে ভিন্ন ভিন্ন থিমে চিঠি পাঠানো হয়। কখনো ভ্রমণের গল্প, কখনো অনুপ্রেরণামূলক বার্তা, কখনো সাহিত্য, আবার কখনো থাকে মজার বা চমকপ্রদ বিষয়।
বিশ্লেষকদের মতে, এই প্রবণতা নস্টালজিয়ার জন্য নয় বরং ডিজিটাল জীবনের বাইরে একটু ধীর, ব্যক্তিগত ও সৃজনশীল অভিজ্ঞতা খোঁজার চেষ্টা। প্রতিদিন অসংখ্য মেসেজ ও ই-মেইলের ভিড়ে একটি হাতে লেখা চিঠি এখনো আলাদা অনুভূতি তৈরি করতে পারে।
Comments