পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী
আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে মোংলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় বৃক্ষরোপণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২৬ আগস্ট) সকালে মোংলা সরকারি কলেজ চত্বরে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে নিজেই দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রতিমন্ত্রী।
এরপর পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুরপাড়, সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে চারা রোপণ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চলতি বছর প্রায় সাড়ে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। তবে চারা রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গাছগুলো বড় হলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি কমার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
গত ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে চারা রোপণের মধ্য দিয়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে স্যাটেলাইট ও ড্রোন ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
Comments