মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত, লাখ লাখ টাকার মালামাল লুট
মৎস্য বন্দর মহিপুরের কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ ঘটনায় ওই ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছে। আহতদের ৩ জনকে কুয়াকাটা হাসপাতালে ও গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার ভোররাত চারটার দিকে কুয়াকাটা থেকে ২৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা এলাকায়।
ট্রলারের মালিক ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার ১৪ জেলে নিয়ে ওই ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তারা তীরে ফেরার সময় চলতি অবস্থায় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের জলদস্যুর দল তাদের ট্রলারে উঠে দেশীয় অস্র নিয়ে হামলা চালায় ও মালামাল লুটে নেয়।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, যদিও ঘটনাটি নৌ-পুলিশের আওতায় না। তারপরও জেলেদের খোঁজ খবর নেয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Comments