গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে, অন্তঃসত্ত্বা নারী নিহত
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর পড়ে সুরাইয়া বেগম (২৬) এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
বুধবার (৫ আগষ্ট) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ওসি আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুরাইয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তিনি সেখানে ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ওসি আমিনুল ইসলাম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৬১১০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
Comments