ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় আগুন, রক্ষা পেলেন দেড় শতাধিক মানুষ
যুক্তরাজ্য যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফরাসি ও ব্রিটিশ উদ্ধারকারী দলের যৌথ ও দ্রুততম সময়ের অভিযানে দেড়শ জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
চ্যানেল অ্যান্ড নর্থ সির ফরাসি মেরিটাইম প্রেফেকচার জানিয়েছে, সোমবার রাতে ফ্রান্স থেকে ছেড়ে আসা নৌকাটির মাঝপথেই ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফরাসি ও ব্রিটিশ কোস্টগার্ড যৌথ উদ্ধার অভিযান চালায়। এর মধ্যে ফরাসি উদ্ধারকারী দল ১০৩ জনকে এবং ব্রিটিশ দল ৫৪ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত মোট ১৫৭ জনকে ফ্রান্সের বুলোন-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী প্রবেশ কঠোরভাবে রোধ করার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নেওয়ার কথা জানানোর মাত্র একদিন পরই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল।
Comments