সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক কাল
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক শুরু হবে। বিরোধী দল কমিটিতে যোগ না দেওয়ায় আপাতত ১২ সদস্যের এই কমিটি নিয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম দিনের বৈঠকে মূলত পরিচিতি পর্ব এবং পরবর্তী আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হতে পারে। মূলত দ্বিতীয় বৈঠক থেকেই সংবিধান সংশোধনের মূল ও কার্যকর আলোচনা শুরু হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির প্রেক্ষাপটে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনার ভিত্তিতে গত ১৩ জুলাই জাতীয় সংসদে এই কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রাখা হয়েছে এবং তাদের নাম পাওয়া গেলে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ১২ সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
Comments