মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ
গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২১) নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩১ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ওসি মো: আমিনুল ইসলাম জানান, গত দুই দিন আগে নাফিস আশরাফ রাতের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়ীতে ফিরে আসেননি।
শুক্রবার রাতে গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে ওই শিক্ষার্থীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, মরদেহটি তার পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন। লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান ওসি। #
বাদল সাহা
গোপালগঞ্জ।
Comments