পাকিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ: ৩২ শ্রমিক নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে সোরঞ্জ এলাকার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া খনির ভেতরে আটকা পড়া বা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে এখনো অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কোয়েটা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ওই বেসরকারি কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, খনির প্রায় ৪ হাজার ফুট গভীরে জমে থাকা মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই খনির ভেতরে আগুন ধরে যায় এবং কাঠামোর একটি অংশ ধসে পড়ে। এর ফলে পাশের আরেকটি খনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় খনিগুলোতে বেশ কয়েকজন শ্রমিক কর্মরত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৩২টি মরদেহ উদ্ধার করেছেন। তবে খনির ভেতরে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায় নেমে যাওয়ায় এবং বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধার কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে চালাতে হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক প্রাদেশিকমন্ত্রী মির শোয়েব নওশেরওয়ানি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহত প্রত্যেক শ্রমিককে ৩ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments