হজযাত্রীদের জন্য স্বস্তি: বিমানের টিকিটের দাম কমল আরও ২৫ হাজার টাকা
বাংলাদেশি হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে ২০২৬ সালের হজে বিমান টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী 'জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই ঘোষণা দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, 'সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, 'গত বছর আমরা প্রতি টিকিটে ১২ হাজার টাকা খরচ কমাতে সক্ষম হয়েছিলাম। এবার টিকিটপ্রতি খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।'
এছাড়া হজযাত্রীদের আবাসন খরচ কমাতে সৌদি সরকারের ওপর আরোপিত বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি জানান, দেশের মোট হজযাত্রীর মাত্র ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করেন। তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এজেন্সি মালিকদের প্রতি কড়া নির্দেশ দেন।
রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদালসহ হাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments