বাংলাদেশের বিশ্বখ্যাত আম পৌঁছালো মালদ্বীপ সরকারের হাতে
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতে মালদ্বীপ সরকারকে প্রিমিয়াম মানের মৌসুমি আম উপহার দিয়েছে বাংলাদেশ সরকার। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে দেওয়া এ শুভেচ্ছা উপহারকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের উৎকৃষ্ট মানের তাজা মৌসুমি আম আনুষ্ঠানিকভাবে মালদ্বীপ সরকারের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রটোকল কর্মকর্তা (ডেপুটি চিফ অব প্রটোকল) বাদুরা সাঈদের কাছে উপহারটি তুলে দেন।
কূটনৈতিক সূত্র জানায়, এই শুভেচ্ছা উপহার শুধু বাংলাদেশের বিশ্বখ্যাত মৌসুমি আমের পরিচয় বহন করে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা, জনগণের সঙ্গে জনগণের বন্ধন এবং ক্রমবর্ধমান সহযোগিতারও প্রতীক। একই সঙ্গে এটি বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপের স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের বহিঃপ্রকাশ।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বর্তমানে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শ্রমবাজার, প্রতিরক্ষা সহযোগিতা, পর্যটন এবং জনসম্পৃক্ততাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের সফর ও পারস্পরিক উদ্যোগের মাধ্যমে এই সম্পর্ক নতুন গতি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ সরকার জানিয়েছে, মালদ্বীপের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার অব্যাহত থাকবে।
Comments