বাঘ রক্ষায় টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের আহ্বান
সুন্দরবনের বাঘ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুধবার (২৯ জুলাই) সকালে বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
'সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও' শীর্ষক এ সভার আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য নয়, এটি রয়েল বেঙ্গল টাইগারের গুরুত্বপূর্ণ আবাসস্থল। এই আবাসস্থল রক্ষা করা না গেলে বাঘের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।
ধরা'র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, চোরাশিকার, বন্যপ্রাণী হত্যা, বিষ প্রয়োগে মাছ নিধন এবং পরিবেশ দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। এসব বন্ধে কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকেও সুন্দরবনকে রক্ষা করতে হবে। বাঘ সংরক্ষণে সরকারের টাইগার অ্যাকশন প্ল্যান যথাযথভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
সভায় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বাঘ বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। সুন্দরবন ও বাঘ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এছাড়া অন্য বক্তারা সুন্দরবন সংরক্ষণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
এর আগে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলার চাঁদপাই ও মিঠাখালী এলাকায় একটি র্যালি বের করা হয়। পরে বাঘ ও সুন্দরবন রক্ষায় জনসচেতনতা তৈরিতে বাঘের মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
Comments