আদালতে হাজিরা দিয়ে সেলিনা হায়াৎ আইভীর আক্ষেপ: ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’
পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'নির্দোষ হয়েও আমি অপরাধী।' তিনি আরও জানান, সবসময় হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কথা বললেও আজ তিনিই অপরাধী হিসেবে কাঠগড়ায়, যার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, গত বছরের ৯ মে গ্রেপ্তারের পর পুলিশ সুপারের কার্যালয়ের নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় সদর মডেল থানায় করা মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ছিল আজ। যেহেতু আইভী জামিনে রয়েছেন, তাই আদালতের নির্দেশ অনুযায়ী তিনি হাজিরা দিয়েছেন। এ সময় তাঁর শারীরিক অসুস্থতা ও দীর্ঘ কারাবাসের কথা বিবেচনা করে আদালত বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন; তবে তাঁর পক্ষে আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের বাসা 'চুনকা কুটির' থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্তি পান। এদিকে আইভীর আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে তাঁর অনুসারী নেতাকর্মীদের ভিড় দেখা যায় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
Comments