ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬' জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে চারটায় তিনি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় প্রধান অতিথির জন্য নির্ধারিত ভিআইপি বক্স ছেড়ে সরাসরি মাঠে নেমে সাধারণ দর্শকদের সঙ্গে বসে খেলা উপভোগ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয় অর্ধে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার লড়াই মাঠে বসে উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল খেলাও তিনি উপভোগ করবেন।
খেলাধুলা শেষে প্রতিযোগিতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপভোগ করার কথা রয়েছে তাঁর।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
Comments