ফরিদপুরে গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। ইমরান শেখ উপজেলার সাতৈর 'খ' ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ তাঁর কার্যালয়ে নিজস্ব চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন এবং তা নোট করে রাখছেন। এ সময় সেবা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, 'আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।'
একই ভিডিওতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ইঙ্গিত করে তাঁকে বলতে শোনা যায়, 'উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।'
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান শেখ ভিডিওর সত্যতা স্বীকার করলেও ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, 'এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি কেউ করেছেন।' তবে ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করতে তিনি রাজি হননি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও অফিসে অনুপস্থিত থাকায় ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। ভিডিওটি সামনে আসার পর তাঁর বিরুদ্ধে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ এবং ওই কর্মকর্তার পূর্বের কাজের রেকর্ড পর্যালোচনা করে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে তাঁকে ২৬ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক কেবল খোরপোষ ভাতা পাবেন এবং কোনো দাপ্তরিক কাজ করতে পারবেন না।
Comments